ইসমাইল হোসেন বাবু:

 

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেম মৃত্যুবরণ করেছেন।

 

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। তিনি পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।

 

ঘটনার পরপরই বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়। তার আকস্মিক মৃত্যুতে ঘটনাস্থলে শোকের ছায়া নেমে আসে।

 

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক বলেন, “আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।”

 

হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।”

 

জেলা জামায়াত আমিরের মৃত্যুতে দলটির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে মুফতি আমির হামজার ২০২৩ সালের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্নভাবে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি সম্প্রতি ফেসবুকে অভিযোগ করেছিলেন।