মানিক কুমার দাস:
ফরিদপুর শহরের ২নং হাবেলী গোপালপুর, লক্ষ্মীপুর (বিন্দু পাড়া) এলাকায় সাফল্যের সঙ্গে একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৩০ ডিসেম্বর থেকে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রীমদ্ভগবত গীতা পাঠ, তারক ব্রহ্ম হরিনাম মহাসংকীর্তনের অধিবাস, রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, কুঞ্জ ভঙ্গ, নগর কীর্তন, মহাপ্রভুর ভোগরাগ, জলকেলি প্রভৃতি ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন দিলীপ বিশ্বাস, প্রাপ্তি রানি সরকার ও মনোরঞ্জন গোস্বামী। এছাড়া নামসংকীর্তন পরিবেশন করেন জয় নিতাই সম্প্রদায়, শ্রী রূপ সম্প্রদায়, শ্রী গুরু সম্প্রদায়, শ্রী ভক্ত হরিদাস সম্প্রদায় এবং শ্রীমতি দীপ্তি সম্প্রদায়।
অনুষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরো এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে।