মোঃ আরিফুল হাসানঃ

 

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদী ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ সংক্রান্ত প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মধুখালী, ফরিদপুরের স্মারক নং–১৩৬২, তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫ এর মাধ্যমে প্রেরণ করা হয়।

 

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪ (২০২৪ সনের ৭নং আইন) এর ৭নং ধারার উপ-ধারা (১) অনুযায়ী, কোনো ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হলে বা নতুন পরিষদ গঠন না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। ওই বিধান অনুযায়ী প্রশাসক নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালন করবেন।

 

উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী-এর সুপারিশ এবং স্থানীয় সরকার বিভাগের ২২ ডিসেম্বর ২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৯৯৩ নং স্মারকের আলোকে নিম্নবর্ণিত কর্মকর্তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
কল্লোল সাহা, উপজেলা সমাজসেবা অফিসার, মধুখালী, ফরিদপুর -গাজনা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা পরিসংখ্যান অফিসার, মধুখালী, ফরিদপুর -কোরকদী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

প্রশাসক নিয়োগের মাধ্যমে গাজনা ও কোরকদী ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।