আসলাম বেপারীঃ

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিনের সঙ্গে মতবিনিময় সভা ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে ইউএনও’র সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন ইউএনও জালাল উদ্দিন।

 

সভায় চরভদ্রাসনের সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা ও সরকারি সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা গুরুত্বপূর্ণ সমস্যাসমূহের মধ্যে নদীভাঙন, পদ্মা নদীতে অবৈধ ড্রেজিং ও মৎস্য আহরণ, ময়লা ফেলার উপযুক্ত স্থান না থাকা, বাজার মনিটরিংয়ের অভাবসহ নানা সমস্যা তুলে ধরেন।

 

এ সময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

 

সভায় ইউএনও জালাল উদ্দিন সকল বক্তব্য মনোযোগ সহকারে শুনে সমস্যাগুলির সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।