মিজান উর রহমানঃ
বোয়ালমারীতে বিএনপির ডাকা জনসভা স্থগিত ঘোষনা করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি’র একাংশের ডাকা ২৮ নভেম্বরের জনসভা প্রত্যাহার করা হয়েছে। একই স্থানে দলের অপর অংশের পাল্টা কর্মসূচি ঘোষণা দেওয়ায় জনস্বার্থে, জান-মাল রক্ষা ও এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্ভাব্য উত্তেজনা এড়াতে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম। তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘একই স্থানে একই সময়ে দুই পক্ষের কর্মসূচি ঘোষনা করায় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। জনগণের নিরাপত্তা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের অগ্রাধিকার। তাই দায়িত্বশীলতার কারণে জনসভা স্থগিত করা হলো।’
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জনসভা বাতিলের পরিবর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, বোয়ালমারী পৌর বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, নবনির্বাচিত সহ-সভাপতি মো. ইমরান হোসাইন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মোল্লা। এ ছাড়া যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।