বোরহানুজ্জামান আনিচঃ

 

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন (২৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাত ২টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। এতে আরো তিন যুবক আহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে চুরি করতে এসেছে, এমন সন্দেহে পাঁচজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। এর মধ্যে একজন পালিয়ে গেলেও বাকি চারজনকে গণপিটুনি দেন স্থানীয়রা।

 

এতে গুরুতর আহত হন শাহিন সিকদার নামে এক যুবক । পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহিন শিকদার  উপজেলার রামনগর ইউনিয়নের গজগা গ্রামের মোস্তফা শিকদারের ছেলে বলে জানা গেছে।

 

অন্যদিকে বাকি তিনজনকে আহত অবস্থায় নগরকান্দা উপজেলা  হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ১) পারভেজ মাতুব্বর, পিতা জাকির মাতুব্বর, গ্রাম শ্রীঙ্গাল; ২)সুমন শেখ,পিতা মোস্তফা শেখ, গ্রাম-মাশাউজান; ও ৩) এনামুল (অজ্ঞাত)। তাহাদেরকে পুলিশ পাহারায় উপজেলা হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, চোর সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে একজন মারা গেছেন। তবে এখনো কোনো মামলা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ বলছে, তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।