আসলাম বেপারীঃ

 

ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী (হিন্দু) এলাকার সিরাজ বেপারীর বাড়িতে তালা ভেঙে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

চুরির ঘটনাটি ঘটে গত ৫ মে রাতে। পরিবারের সবাই মেয়ের জামাইয়ের বাড়িতে অবস্থান করায় চোরেরা সুযোগ নেয়। বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। পরদিন ঘটনাস্থল পরিদর্শন করেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান। এরপর থেকে পুলিশ ধারাবাহিকভাবে তদন্ত চালায়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-চরভদ্রাসন সদর ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর চোকদার (৪৫)। তিনি মৃত মনছুর চোকদারের ছেলে।

 

ওসি মো. রজিউল্লাহ খান জানান, মামলাটি (মামলা নং ০৫) দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়েছে। এসআই ফরহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযুক্তকে আটক করা হয়।

তিনি আরও জানান, চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া আসামিকে পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।