রনি আহমেদ রাজুঃ
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের জগদল হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগদল ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সাবেক আমীর ও মাগুরা–১ আসনের প্রার্থী আব্দুল মতিন বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে। হাসপাতালে যেতে হবে না এম্বুলেন্স গিয়ে রোগীকে বাড়ি থেকে নিয়ে এসে চিকিৎসা শেষে আবার বাড়িতে পৌঁছে দেবে।
২১ নভেম্বর, শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জগদল ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক হোসাইন, উপজেলা সূরা সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আমিন উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এবং জগদল ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি নূর মোহাম্মদও সভায় উপস্থিত ছিলেন।
আটদলীয় শরিক জোটের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জগদল ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম মোল্যা, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, মঘী ইউনিয়ন শাখার সভাপতি ডা. ওমর আলী এবং চাউলিয়া ইউনিয়ন শাখার সভাপতি আতাউর রহমান লিটু।
সভায় বক্তারা বলেন, আমরা ভয় পাই না। আমরা বদরের যোদ্ধাদের উত্তরসূরি। দীর্ঘ ৫৪ বছর পর আমরা ইসলামী আদর্শ বাস্তবায়নের সুযোগ পাচ্ছি। আটদলীয় জোটের নেতারা বলেন, ইসলামের পক্ষে গঠিত আট দলের জোট ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে কাজ করবে।
প্রধান অতিথি আব্দুল মতিন আরও বলেন, আমরা জনগণের সেবক। ক্ষমতায় গেলে সৎভাবে জনগণের উন্নয়ন ও কল্যাণে রাষ্ট্রীয় বরাদ্দ ব্যয় করা হবে।