শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
আজ ৪ ডিসেম্বর ২০২৫ কুষ্টিয়া জেলার খোকসা হানাদার মুক্ত দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালিত হবে।১৯৭১ সালে আজকের এই দিনে মুজিব বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এর নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলার দামাল ছেলেরা খোকসা থানা হানাদার মুক্ত করে স্বাধীন করেন।
খুলনা বিভাগের মধ্যে খোকসা উপজেলা প্রথম হানাদার মুক্ত হয়। উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনী ও গেরিলা বাহিনী একের পর এক হামলা চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ও দেশীও শত্রুদের পরাজিত করে। অবশেষে পাকিস্তানি হানাদার বাহিনী খোকসা থানা এসে অবস্থান করে খবর পেয়ে মুজিববাহিনী যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এর নেতৃত্বে খোকসার বিভিন্ন এলাকা থেকে মুজিব বাহিনী ও মুক্তিবাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণ এক অভিযান চালান।
মুজিব বাহিনীর ও গেরিলা বাহিনী প্রচন্ড আক্রমণ পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়। এসময় কিছু পাকিস্তানি হানাদার বাহিনীকে আটক করা হয়। খোকসা থানা সহ সকল এলাকা মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে। ১৯৭১ সালে ৪ ডিসেম্বর আজকের এই দিনে হানাদার মুক্ত হয় খোকসা থানা।
দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে, সকালে মুক্তিযোদ্ধা সংসদে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।