সাহিদা পারভীনঃ

 

অবৈধ ভাবে ইউরিয়া সার সংগ্রহ ও মজুদের অপরাধে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের আলতাব ট্রেডার্সের মালিক আকরাম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭৩ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য তুলে ধরেন।

কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার জানান, বুধবার সকালে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালুখালীর রতনদিয়া বাজারের ব্যবসায়ী আকরাম হোসেনের মালিকাধীন আলতাব ট্রেডার্সে অবৈধ পন্থায় ইউরিয়া সার সংগ্রহ করা হয়েছে। তাৎক্ষনিক তার গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ৭৩ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

 

এসময় আলতাব ট্রেডার্সের মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ।

তিনি আরো জানান,জব্দকৃত সারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। সারগুলো নিলামে বিক্রি করে এ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।