মোঃ আরিফুল হাসানঃ

 

ফরিদপুরের মধুখালীতে অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

 

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৪০ মিনিটে ফরিদপুরের মধুখালী থানাধীন মধুখালী বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ১ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- আলী হোসেন সরদার (৪৮), পিতা মৃত ইমাম সরদার, সাং রামভদ্রপুর, থানা কলারোয়া, জেলা সাতক্ষীরা;
ও মনিরুল ইসলাম মাসুম (৪০), পিতা মৃত আঃ আজিজ মোল্লা, সাং পশ্চিম আলীপুর, থানা কোতয়ালী, জেলা ফরিদপুর।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।