মোঃ আরিফুল মিয়াঃ

 

ফরিদপুরের মধুখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর অভিযানে প্রায় চার লক্ষ বিশ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

র‌্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৪ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজার ফরিদপুর–মাগুরাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে।

 

অভিযানে ১৪ কেজি গাঁজা ও ১৬ হাজার ১৫০ টাকা উদ্ধারসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-
১️) মোঃ ইকবাল হোসেন মজুমদার (৩৬), পিতা–মৃত নুরুল আলম মজুমদার, সাং–রামগড়, থানা–রামগড়, জেলা–খাগড়াছড়ি। ২️) মোঃ শিহাব (৩১), পিতা–মৃত সিরাজুল ইসলাম মল্লিক, সাং–ফুরসন্দী লক্ষীপুর, থানা–ঝিনাইদহ সদর, জেলা–ঝিনাইদহ।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-১০ জানায়, “মাদক সমাজের ভয়াবহ বিষফোঁড়া। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে।” মাদক নির্মূলে “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়নে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।