রনি আহমেদ রাজুঃ
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুগ্রামে সালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বাদশা মাতুব্বর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উসমান মোল্যা সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে লিজ চাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে সালিসি বৈঠক বসানো হলে, বৈঠক চলাকালেই আনোয়ার হোসেনের লোকজন অতর্কিতভাবে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় অন্তত ১০ জন আহত হন।
এ সময় আনোয়ার হোসেনের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মাতুব্বরকে (৬০) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন এবং বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাদশাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদশা মাতুব্বরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায় এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।