আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ও চরমইনুট নৌপথে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পিডবোট চালকদের মধ্যে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার গোপালপুর ঘাটে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
জানা যায়, গোপালপুর ঘাট অংশের স্পিডবোট গুলোতে মোট ৩০টি বোটে তিনটি করে ৯০টি বয়া এবং বিভিন্ন সাইজের ৪০টি লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
ইউএনও মনিরা খাতুন বলেন,“গোপালপুর থেকে মইনুট ঘাটে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে অনেক শিশু থাকে। এদের মধ্যে অনেকে লাইফ জ্যাকেট পরেন না। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে প্রতিটি বোটে তিনটি করে বয়া দেওয়া হয়েছে, যাতে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা সহজে ভেসে থাকতে পারেন।”
এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্পিডবোট চালক ও নৌযান সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।