এস. এম রবিউল ইসলাম রুবেলঃ

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে এক ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে যায় ১২টি দোকান। রাতারাতি সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। চোখে অশ্রু, মনে হতাশা—কোথায় যাবে, কিভাবে আবার ঘুরে দাঁড়াবে—এই চিন্তায় ভেঙে পড়েছিল তাদের জীবন।

 

ঠিক এমন সময়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আমিনা মামুন ফাউন্ডেশন–এর প্রতিষ্ঠাতা, আরবিটি নিউজ–এর সম্পাদক ও আমিনা জুয়েলার্স–এর মালিক খন্দকার আশরাফুল আলম মামুন।

 

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিয়ে নিজ হাতে তাদের হাতে তুলে দেন নগদ দশ লক্ষ টাকা সহায়তা, যেন তারা আবার নতুন করে জীবনের আলো দেখতে পারেন।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় কাদিরদী বাজারের সেই আগুনে পোড়া দোকানগুলো ঘুরে দেখেন এই মানবিক উদ্যোক্তা ও দানবীর, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুল আলম মামুন। তার আগমন ও সহায়তা পেয়ে কান্নার মাঝেও হাসি ফোটে অসহায় ব্যবসায়ীদের মুখে। বাজারজুড়ে দেখা দেয় এক মনোমুগ্ধকর ও আবেগময় দৃশ্য।

 

সহায়তা প্রদান শেষে খন্দকার আশরাফুল আলম মামুন আবেগভরে বলেন— “আমি একজন সাধারণ মানুষ , আল্লাহর সন্তুষ্টিই আমার একমাত্র লক্ষ্য। যেন কেউ অভাবে না খেয়ে থাকে—এই চেষ্টাই করি। পৃথিবী থেকে সবাইকেই একদিন তিন টুকরো সাদা কাফনে বিদায় নিতে হবে। এই অর্থ দেয়ার ক্ষমতা আমার নয়, সবই আল্লাহর দান। তাঁর নির্দেশেই আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবা করে যেতে পারি।”

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, সমবায় কর্মকর্তা আফজাল হোসেন ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

 

মানবতার এই ছোঁয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চোখে জল আর মুখে হাসি—কাদিরদী বাজার যেন এক মুহূর্তে বদলে যায় আশার আলোয়।