রনি আহমেদ রাজুঃ

 

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মালঞ্চ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও গণমানুষের নেতা আলী আহমেদ।

 

সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় মহিলা নেত্রী চন্দনা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

 

প্রধান অতিথির বক্তব্যে আলী আহমেদ বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি, সবাই ভাই-ভাই। এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। আগামী নির্বাচনে দল যদি আমাকে মাগুরা-১ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, কিংবা যাকেই দিক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করব।

 

তিনি আরও বলেন, সমাজে কিছু ব্যক্তি ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। কেউ কেউ ভোটকে জান্নাতের টিকিট বানিয়ে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে, যা ইসলাম বিরোধী এবং স্পষ্টভাবে বিভ্রান্তিকর। রাসুল (সা.) কখনো বলেননি, অমুক প্রতীকে ভোট দিলে জান্নাতে যাবে। এই ধরনের বক্তব্য ইসলামকে অবমাননার শামিল।

 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে, তাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। বিএনপি’র পক্ষ থেকে এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।

.

এ সময় উপস্থিত নেতাকর্মীদের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির একটি ফর্ম বিতরণ করা হয়। আলী আহমেদ প্রতিশ্রুতি দেন আমরা যদি ইনশাআল্লাহ আগামীতে ক্ষমতায় আসি, এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।