আরিফুল মিয়াঃ
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) উদ্যোগে বাণিজ্যিক অডিট আপত্তি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় চিনিকলের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক বিকাশ চন্দ্র মিত্র। ফরিদপুর চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে কর্মশালায় সভাপতিমণ্ডলীর অন্যান্য সদস্য ও বিভিন্ন মিল/প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
দিনব্যাপী কর্মশালায় অডিট আপত্তি সংকলনের কারণ, আপত্তি নিষ্পত্তির পদ্ধতি, পারফরম্যান্স অডিট ও অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাণিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক খাদেমুল বাশার ‘আপত্তি সংকলনভুক্ত হওয়ার কারণ ও নিষ্পত্তির প্রক্রিয়া’ বিষয়ে আলোচনা করেন। উপপরিচালক আফরিন জাহান রওশন ‘অডিট ম্যানেজমেন্ট ও মনিটরিং সফটওয়্যার ব্যবহার করে আপত্তির জবাব ও নিষ্পত্তি প্রক্রিয়া’ তুলে ধরেন।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অডিট) মো. আব্দুল ওয়াহেদ ‘অডিট আপত্তি উত্থাপনের কারণ ও প্রতিকার এবং অডিট নিষ্পত্তির প্রয়োজনীয়তা’ নিয়ে বক্তব্য রাখেন।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) আজহারুল ইসলাম ‘অডিট আপত্তি নিষ্পত্তির জন্য গৃহীত পদক্ষেপ’ তুলে ধরেন। আর হিসাব নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম ‘বাৎসরিক হিসাব ও বাজেট সংশ্লিষ্ট অডিট আপত্তি নিষ্পত্তির পদক্ষেপ’ নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ও কার্যবিবরণী উপস্থাপন করেন বিএসএফআইসি’র প্রধান নিরীক্ষক জীবন্নাহার। দিনব্যাপী এ কর্মশালায় বিএসএফআইসি’র আওতাধীন ১৬টি মিল/প্রতিষ্ঠান, সদর দপ্তর ও শিল্প মন্ত্রণালয়ের অডিট সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মোট ২৩ জন অংশগ্রহণ করেন।
এ সময় ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিনিকলের উপব্যবস্থাপক (ল্যাব) প্রলয় কুমার সাহা।