আসলাম বেপারীঃ

 

ফরিদপুরের চরভদ্রাসনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উপজেলা প্রশাসন আয়োজিত “চরভদ্রাসন উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল ম্যাচ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে এই রোমাঞ্চকর ফাইনালে গাজীরটেক ইউনিয়ন একাদশ ২–০ গোলে চরহরিরামপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

 

বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন জাতীয় ও অলিম্পিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে ইউএনও মনিরা খাতুন খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিক মেরে।

 

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলায় লিপ্ত হয়। তবে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে গাজীরটেক ইউনিয়ন। দলের তারকা ফুটবলার সেক আসলাম ও রাতুল মীরের চমৎকার সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। প্রথমার্ধেই গাজীরটেক ১–০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে রাতুল মীরের অসাধারণ গোল নিশ্চিত করে দলের জয়। শেষ পর্যন্ত ২–০ গোলের জয়ে মাঠ ছাড়ে গাজীরটেক ইউনিয়ন একাদশ।

 

দলের অধিনায়ক ছিলেন আল আমিন, আর প্রতিপক্ষ চরহরিরামপুর ইউনিয়নের নেতৃত্বে ছিলেন শামীম। অসাধারণ পারফরম্যান্সের জন্য গাজীরটেকের ১৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাতুল মীরকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।

 

ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন মো. সাইফ দ্বোহা। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হাসিবুল হাসান, মিরাজ হোসেন ও কামরুজ্জামান সৈকত। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন মোজাফ্ফর হোসেন জাফর ও সাজ্জাত হোসেন সাজু।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মনিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খান, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী ও চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান (বদু মৃধা)।

 

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ।