শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় ধুষুন্ডু এলাকায় রেলক্রসিংয়ে গেট নির্মাণ ও গেটম্যানের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিলজানি- ভবানীগঞ্জ হাইওয়ে রাস্তার ধুষুন্ডু রেলওয়ে ক্রসিংয়ে সাটেল ট্রেন থামিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন এলাকাবাসী । গত ১৪ অক্টোবর সন্ধ্যায় টুংগীপাড়া এক্সপ্রেস ধুষুন্ডু ক্রসিংয়ে সোনাই নামে এক যুবক মোটরসাইকেল এক্সিডেন্টে নিহত হয়।
সোনাই এর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী এই মানববন্ধন প্রতিবাদ সভার আয়োজন করেন। তাদের দাবি অরক্ষিত রেল ক্রসিংয়ে কারণেই প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটে চলেছে । গত এক বছরে এই অরক্ষিত রেল ক্রসিংয়ে ৬-৭ টি তাজা প্রাণ ঝরে গেছে। এছাড়াও প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী থেকে পোড়াদাহ গামী সাটেল ট্রেন প্রায় দেড় ঘন্টা থামিয়ে কয়েক হাজার মানুষ এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন যার ফলে প্রায় দেড় ঘন্টা সকল ট্রেন চলাচল বন্ধ থাকে। এলাকাবাসীর দাবি বহুদিন ধরে বিলজানি- ভবানীগঞ্জ রোডস এন্ড হাইওয়ে ব্যস্ততম রাস্তা ধুষুন্ডু রেল ক্রসিং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তাদের এই দাবির মুখে খোকসা স্টেশন মাস্টার সুজন সরকার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানে আশ্বাস দিলে এলাকাবাসী সাময়িকভাবে তাদের কর্মসূচি স্থগিত করেন।
এই সময় প্রতিবাদ সভায় নেতৃত্বদানকারী সাগর আহমেদ জানান স্টেশন মাস্টার ও রেল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি আপাতত স্থগিত করেছি, অতি তাড়াতাড়ি যদি আমাদের রেল ক্রসিংয়ে রেলগেট নির্মাণ এবং গেটম্যান নিয়োগ দেওয়া না হয় তাহলে আমরা পুনরায় আবার প্রতিবাদ সভা এবং অবরোধ কর্মসূচি পালন করবো। এ ব্যাপারে খোকসা রেলস্টেশনের স্টেশন মাস্টার সুজন সরকার বলেন যেহেতু আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়েছে তারা আশ্বাস দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সমস্যার সমাধান করব।