​শাকিল মিয়াঃ


‎​ বৈষম্য দূরীকরণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা এক দাবিতে আন্দোলনে নেমেছেন বরগুনা জেলার শিক্ষক-কর্মচারীরা। আজ ১১ অক্টোবর রোজ শনি বার, শিক্ষক পরিষদ, বরগুনা জেলা শাখার উদ্যোগে শহরের পৌর মার্কেটের সামনে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎​
‎​বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ। এই দাবিতে আজ বরগুনা জেলার কয়েক শত শিক্ষক-শিক্ষিকা সমাবেশ করেন। শিক্ষক পরিষদ, বরগুনা জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

 

‎​মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক নেতারা বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আকাশ-পাতাল বৈষম্য বিরাজ করছে। একই সিলেবাস, একই কারিকুলামে পড়িয়েও বেসরকারি শিক্ষকরা বেতন-ভাতাসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাঁরা সরকারি শিক্ষকদের মতো শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পান না।

 

‎​এই বৈষম্য নিরসনের একমাত্র উপায় হিসেবে অবিলম্বে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান শিক্ষক নেতারা।


‎​ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বরগুনা জেলার বিভিন্ন উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা অংশ নেন।


‎​ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের এই আন্দোলনে বরগুনার শিক্ষকরা দৃঢ় অবস্থানে রয়েছেন। তাদের এই যৌক্তিক দাবি সরকার কবে নাগাদ বিবেচনা করে, এখন সেটাই দেখার বিষয়।