মানিক কুমার দাসঃ
অযোগ্যদের ছাটাই করে দক্ষ কর্মী নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
২০১৭ থেকে ২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ দেওয়া অযোগ্য কর্মকর্তাদের ছাটাই করে দক্ষ কর্মী নিয়োগ এর দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে “বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ” ও “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম”।
আজ সোমবার সকালে ব্যাংকের ফরিদপুর শাখার সামনের সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম” এর সভাপতি ফরিদুল হুদা, অধ্যাপক বিল্লাল হোসেন, অধ্যাপক নজরুল ইসলাম, মুফতি ফজলুর রহমান এবং “বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ” এর সমন্বয়ক এইচ এম সুমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর এস আলম ও তার সহযোগীরা ব্যাংকিং সেক্টরে প্রভাব বিস্তারের মাধ্যমে অবৈধভাবে অযোগ্যদের নিয়োগ দিয়ে ব্যাংক সেক্টরকে মেধাশূণ্য করেছে। দেশের আর্থিক খাত ও ব্যাংক ব্যবস্থা অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।