মোঃ আরিফুল হাসানঃ

 

রাজবাড়ী থেকে মধুখালী সড়ক প্রায় ৪৩ কিলোমিটার দীর্ঘ এ রুটে প্রায় ১২ বছর পর আবারো লোকাল বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টায় রাজবাড়ী থেকে মধুখালীর উদ্দেশ্যে প্রথম ট্রিপে একটি লোকাল বাস ছেড়ে আসে।

 

রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানান, দীর্ঘ এক যুগ ধরে রাস্তার বেহাল দশা ও অবৈধ থ্রি-হুইলার চলাচলের কারণে বাস মালিক ও স্টাফদের খরচ পোষানো সম্ভব হচ্ছিল না। সেই কারণেই রুটটি বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে সড়ক সংস্কার ও পরিবেশ স্বাভাবিক হওয়ায় আবারো বাস চলাচল শুরু করা হয়েছে।

 

রাজবাড়ী জেলা মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রমজান খান বলেন, “দীর্ঘ সময় এই রুটে বাস চলাচল না থাকায় শ্রমিক ও যাত্রীরা দুর্ভোগে ছিলেন। তাদের কথা চিন্তা করে বাস মালিক সমিতির সাথে আলোচনা করে আবারো রুটটি চালু করেছি। ইনশাআল্লাহ এ চলাচল অব্যাহত থাকবে।”

 

অন্যদিকে যাত্রীরা জানান, “শৈশবে আমরা এই বাসে ভ্রমণ করতাম। কিন্তু গত এক যুগ ধরে বাধ্য হয়ে থ্রি-হুইলার ব্যবহার করতে হয়েছে। এতে মালামাল বহন ও সময় নিয়ন্ত্রণে ভোগান্তি পোহাতে হয়েছে। এখন থেকে লোকাল বাস চালু হওয়ায় সময়মতো অফিস করা ও ভারী মালামাল বহন সহজ হবে।”

 

প্রায় ১২ বছর পর পুনরায় চালু হওয়া এ বাস চলাচলকে ঘিরে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।