ইসমাইল হােসেন বাবুঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ি উদ্বোধন করেছে কর্তৃপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রশাসন ভবন চত্বরে ই-কার সার্ভিস উদ্বোধন করেন। এই গাড়িতে শিক্ষার্থীরা নির্দিষ্ট টাকা পরিশোধ করে যাতায়াতের সুযোগ পাবেন।
কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পরীক্ষামূলকভাবে ১৪ সিটের চারটি বৈদ্যুতিক কারের অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষামূলকভাবে ১৪ সিটের ৩টি বৈদ্যুতিক শাটল কার চালু করা হয়েছে। কারগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হয়েছে, যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এই পদ্ধতিকে ‘আয় থেকে দায় শোধ’ মডেল হিসেবে দেখা হচ্ছে। পরিবেশবান্ধব ও শব্দহীন এই যানগুলো ক্যাম্পাসে একটি টেকসই যাতায়াতব্যবস্থা গড়ে তুলবে।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র-ছাত্রীদের যাতায়াত সহজ করার জন্য এ ই-কার সার্ভিস চালু করা হয়েছে। এটার ভাড়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ড্রাইভা ও শিক্ষার্থীরা যেন একে অপরের প্রতি সুন্দর আচরণ করো। আগামীকাল থেকে শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে। যে কম্পানি থেকে আমরা এই শাটলগুলো নিয়েছি সেই কম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই যেন সুবিধা নিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
উদ্বোধন অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন-ইউজিসির চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।