ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদয়নগর বর্ডার আউটপোস্ট (বিওপি), পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় ১১৫টি অসহায় পরিবারকে আজ শুক্রবার ১৯ সেপ্টেম্বর ত্রাণসহায়তা দিয়েছে তারা।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় শুরু হওয়া ভাঙনে উদয়নগর বিওপির দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে যায়। এরপর ১৫ সেপ্টেম্বর সকালে বাকি অংশও পুরোপুরি বিলীন হয়ে যায়। সম্ভাব্য ঝুঁকির কারণে আগেই বিওপির গুরুত্বপূর্ণ সব সরঞ্জাম, অস্ত্র, নথিপত্র এবং জনবল পাশের চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল।
বিজিবি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। অস্থায়ী ক্যাম্প স্থাপন করে বড় নৌকা, স্পিডবোট ও রেসকিউ বোটের মাধ্যমে নিয়মিত টহল চলছে। একই সঙ্গে উদয়নগরের কাছাকাছি এলাকায় একটি নতুন স্থায়ী বিওপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।