সোহাগ কাজীঃ
মাদারীপুরের শিবচর পৌর এলাকায় রাকিব মাদআর নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে ইউসিবি ব্যাংকের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব হঠাৎ করে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির হামলার শিকার হন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হামলা হতে পারে। তবে পুলিশ এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি। আহত রাকিবের পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।