সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া থেকে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। শনিবার র্যাব-১০ এ অভিযান পরিচালনা করে।ধৃত মাদক ব্যবসায়ীরা হলো মেহেরপুর জেলা সদরের শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ তোফাজ্জল (৪৫) ও দিঘীরপাড় গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রিজন (২১)।
তাদের কাছ থেকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা মুল্যের ১৯ কেজি গাঁজা ও বহনকারী মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা সহ কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।