ইসমাইল হোসেন বাবুঃ

 

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই গ্রামের বিছার সরদারের ছেলে সারভান সরদার (৩৫) ও হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদার (৪৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুগ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়। সেখানে মারা যান বায়জীদ। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন।

 

এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ। তিনি বলেন, সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং আরেকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানান ওসি।