মোঃ রনি আহমেদ রাজু:

 

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা শহরের জামরুলতলা ও পুরাতন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহায়তা করে মাগুরা জেলা পুলিশের একটি টিম।

 

জামরুলতলা এলাকার মেসার্স সুভাষ স্টোর-এ তদারকির সময় বিপুল পরিমাণ নকল, ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য জব্দ করা হয়।

 

এর প্রেক্ষিতে, দোকানটির মালিক সুভাষ কুমার বিশ্বাস-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

 

️ সহকারী পরিচালক সজল আহমেদ বলেন: “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।”

তিনি আরও জানান, অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে কেউ এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।