ইস্রাফিল হোসেন ইমন:
কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পা হারিয়েছেন স্বামী রিমন হোসেন (২৪)।
নিহত তারিন হক রিতু (১৯), ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মধ্য পাড়া এলাকার মৃত রাশেদুল হক রতনের মেয়ে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৮টার সময় মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। পথে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইল নামক স্থানে ঘাতক ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারিন হক রিতুর মৃত্যু হয়।
দুর্ঘটনায় তার স্বামী এক পা হারান। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “সড়ক দুর্ঘটনায় ভেড়ামারার ১২ মাইল নামক স্থানে ঘাতক ড্রাম ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তারিন হক রিতুর মৃত্যু হয় এবং তার স্বামী এক পা হারান।”