রনি আহমেদ রাজু:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার, ৭ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার নতুন বাজার ও ঢাকা রোড এলাকায় পরিচালিত এ অভিযানে বীজ, সার-কীটনাশক ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
জরিমানা ও অনিয়ম
নতুন বাজারে মেসার্স বিপ্লব ট্রেডার্স-এ মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বীজ জব্দ করা হয়। এছাড়া অতিরিক্ত দামে সার বিক্রি ও ভাউচার প্রদান না করায় প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব কুমার বালাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫১ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
পরে ঢাকা রোড এলাকায় মেসার্স অজয় বীজ ভান্ডার-এ পূর্ব সতর্কতার পরও প্রতারণামূলকভাবে টেস্ট রিপোর্ট ও প্রত্যয়নবিহীন পেঁয়াজ বীজ বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক বাবুল সরকারকে আইনটির ৪৫ ধারায় আরও ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী
অভিযানে উপস্থিত ছিলেন: ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ শাহীন ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
নির্দেশনা ও মন্তব্য
অভিযানে ব্যবসায়ীদেরকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন, ও ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সজল আহম্মেদ।