বোরহানুজ্জামান আনিসঃ

 

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন ভিপি নূরের উপর যারা হামলা চালিয়েছে তারা দেশের ষড়যন্ত্রকারী। তারা এদেশের গণতন্ত্র বিশ্বাস করে না। তারা দেশের নির্বাচন বানচাল করতে চায়।

 

তিনি বুধবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশকে সংস্কারের মাধ্যমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৭ বছর আগে বিএনপির গঠন করেছিলেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরকান্দা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভার সভাপতি ত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার।

 

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলীমুজ্জামান সেলু, আলমগীর হোসেন, মাহবুব আলী মিয়া, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ। এর আগে সদরের পেট্রোল পাম্প মোড় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।