ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে। এজন্য জামায়াতের বিএনপির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু আজ তারা বিএনপিকেই ঘায়েল করতে উঠেপড়ে লেগেছে।”
রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রচলনের পর থেকে ব্যাপকসংখ্যক মানুষ এই নির্মমতার শিকার হয়। ১৯৭২ সাল থেকে ’৭৫ সাল পর্যন্ত রক্ষীবাহিনীসহ বিভিন্ন বাহিনীর নৃশংসতা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল। তাদের নির্যাতনে প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারায়।”
তিনি বলেন, “রাজনীতিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ, সেখানে জিয়াউর রহমান ছিলেন সফল। জেনারেল জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং দেশের অর্থনীতিকে সুদৃঢ় বুনিয়াদে দাঁড় করিয়েছেন। শেখ মুজিবের ব্যর্থতা এবং গণতন্ত্র হত্যা ছিল তার বড় ব্যর্থতা।”
তিনি বলেন, “আওয়ামী লীগ একটি মানবতাবিরোধী দল। গণহত্যার সঙ্গে তারা শুরু থেকেই জড়িত। শেখ মুজিব বাকশাল কায়েম করে মানুষের মৌলিক অধিকার হরণ করেছিলেন।”
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছেন। কিন্তু শহীদ জিয়ার দল বিএনপি কেউ ছাড়েনি। এখন আবারও দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে এসব ষড়যন্ত্র ব্যর্থ হবে, ইনশাআল্লাহ। দেশের জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপি নেতা নূরে আল আমিন বুলবুল, লুৎফর রহমান, তোফাজ্জেল হোসেন, আব্দুস সাত্তার, আব্দুল্লাহ আল বাকী, আতাউল হক এমদাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রানা।