ইনামুল খন্দকার:
ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট শনিবার বিকেলে জাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মীর ঢল নামে। বাদ্যযন্ত্র ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে সমর্থকরা মাঠে প্রবেশ করেন।
সম্মেলনে জাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ খাঁন সমর্থকসহ বিশাল মিছিল নিয়ে যোগ দিলে মাঠে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।
সম্মেলনে আবেগঘন বক্তব্যে মাসুদ খাঁন বলেন- “এখন অনেকে পদে আসার চেষ্টা করছে, কিন্তু ৫ তারিখের আগে তাদের কোনো বিএনপির মিছিল-মিটিংয়ে দেখা যায় নাই।
আমি বারবার পুলিশের হাতে নির্যাতিত হয়েছি, মার খেয়েছি, পঙ্গু ছিলাম ৩ মাস—তবুও উপজেলার কোনো দলীয় প্রোগ্রাম মিস করি নাই।
এখন নব্য বিএনপি হয়ে এসে পদ পদবীর জন্য দৌড়ঝাঁপ করছেন।
আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই—এতদিন আমরা যারা দীর্ঘ ১৭ বছর জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি, তারা আশা করছি নিরাশ হব না এবং ইনশাআল্লাহ, জাহাপুর ইউনিয়নের দায়িত্বভার ত্যাগী ও নির্যাতিত কর্মীদের দেওয়া হবে।”