ইসমাইল হোসেন বাবু:

 

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক ফিরোজ আহাম্মেদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী মিলন হোসেনকে (৩২) ঘটনার ১৩ দিন পর গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে রবিবার (২৪ আগস্ট) বিকেলে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে মিলনকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত মিলন দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আফছার আলীর ছেলে।

 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকা থেকে মিলনকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

 

উল্লেখ্য, কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ গত ১১ আগস্ট পৌরসভার সেক্টরপাড়াস্থ নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। পথে মিলন হোসেনের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী দেশি অস্ত্র, হাতুড়ি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়। পরে হামলাকারীরা ফিরোজ আহাম্মেদের বাড়িতে এসে লাশ নিয়ে আসার জন্য বলে।

 

স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা ফিরোজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ঘটনায় সাংবাদিক ফিরোজ আহাম্মেদের ভাগ্নে ইদ্রিস আলী বাদী হয়ে মিরপুর থানায় মিলন হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।