আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছে। এতে আতঙ্কগ্রস্ত নদী পাড়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

সাম্প্রতিক সময়ে পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে চরভদ্রাসন সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের পাকা সড়কে ধস দেখা দেয়। একই ইউনিয়নের টিলারচর গ্রামেও শুরু হয় ভাঙন। খবর পেয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এবং ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।

বুধবার (১৯ আগস্ট) আপদকালীন প্রকল্পের আওতায় হাজীডাঙ্গী গ্রামের পাকা এইচবিবি সড়ক রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু করে পাউবো।

সরেজমিনে দেখা যায়, ধসে পড়া অংশে জিও ব্যাগ ডাম্পিং চলছে। স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম (৬৭) ও নুরজাহান (৫২) বলেন, “কয়েক রাত ভাঙনের ভয়ে ঘুমাতে পারিনি। এখন মনে হচ্ছে শান্তিতে থাকতে পারব।”

এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, “হাজীডাঙ্গী গ্রামের ধসে যাওয়া পাকা সড়ক রক্ষায় প্রথম পর্যায়ে প্রায় ৪৫ মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। টিলারচর এলাকায় ভাঙন দেখা দিলেও বর্তমানে তা পানির নিচে থাকায় কাজ সম্ভব হচ্ছে না। পানি কমলে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভাঙন প্রতিরোধে চরভদ্রাসন উপজেলার কয়েকটি পয়েন্টে মোট ৩.১৫ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।