ইসমাইল হােসেন বাবু:
কুষ্টিয়ায় ৩০০ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজারে আনছারের দোকানের সামনে থেকে ট্রাকবোঝাই চালগুলো উদ্ধার করা হয়।
৩০০ বস্তা চালসহ ট্রাকটি বর্তমানে মিরপুর থানায় হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) নিকাতুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পোড়াদহ নতুন বাজারে এক ট্রাক সরকারি চোরাই চাল কেনা-বেচা হচ্ছে।
এরই প্রেক্ষিতে শুক্রবার দুপুরের দিকে পুলিশের সহায়তায় পোড়াদহ নতুন বাজারে অভিযান পরিচালনা করা হয়। সে সময় আনছারের দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশী করা হয়। ট্রাকটিতে সরকারি ৩০০ বস্তা চাল পাওয়া যায়।
তিনি আরও বলেন, ট্রাকের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় ৩০০ বস্তা সরকারি এই চাল তারা ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায় এনেছেন। তবে এ চাল কার কাছে এসেছে তা জানা সম্ভব হয়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের দিকে মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিকাতুল ইসলাম পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনার সময় সরকারি চালসহ একটি ট্রাক আটক করা হয়েছে।
এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।