ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা (রেস) করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন—
মাহিন হোসেন (২০), দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের লিপলু হোসেনের ছেলে।
সিয়াম হোসেন (২১), একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
পুলিশের বক্তব্য
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন— “কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”