শেখ সাইদুল ইসলাম প্রবীন:
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি বাজারের শেখ মার্কেটে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ আগুনে পুড়েছে ব্যবসায়ীদের ১২টি দোকান।
সোমবার সকালে খোকসা বিলজানি বাজারে তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার হাবিবুর রহমান। এতে অন্তত কোটি টাকার বেশি মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন:
মনিরুল ইসলাম, শফিক, শুকুর আলী, আব্দুর রশিদ, মনিরুল, শামীম, দেলোয়ার, ইজ্জত ও ইসরাফিল।
দুপুরে খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বিলজানি বাজারে ক্ষতিগ্রস্ত আগুনে পুড়ে যাওয়া শেখ মার্কেট পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের মাঝে সরকারিভাবে যতটুকু সম্ভব আর্থিক সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করেন।