রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুরে সংঘবদ্ধ মহিলা চোর চক্রের ৩ সদস্য—ননদ, ভাবি ও শাশুড়িকে আটক করা হয়েছে।

 

রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার অগ্রণী ব্যাংক লিমিটেডের গোপালপুর শাখায় এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জয়নুল আবেদিন।

 

আটকৃতরা হলেন—

নাটোর সদর উপজেলার আওড়াইল হালশা গ্রামের ইউনুস শেখের মেয়ে আলিয়া খাতুন (২৫), মো. সুমন শেখের স্ত্রী হাসি বেগম (২৫), মৃত লালন শেখের স্ত্রী আছিয়া বেগম (৪০)।

 

জানা যায়, অভিযুক্ত আলিয়া খাতুন অভিযুক্ত হাসি বেগমের ননদ এবং আছিয়া বেগম তার মামী শাশুড়ি।

 

ঘটনার বিবরণ :
জয়নুল আবেদিন জানান, লালপুরের কলেজ মোড় এলাকার ফাতেমা বেগম নামের এক গ্রাহক ব্যাংকে টাকা জমা দিতে আসেন। এ সময় সংঘবদ্ধ তিন নারী ওই গ্রাহককে ঘিরে ধরেন।

তাদের ব্যাংকে আসার কারণ জিজ্ঞাসা করলে কোনো সদুত্তোর না দিয়ে তারা চলে যেতে থাকেন। ঠিক তখনই ফাতেমা বেগম অভিযোগ করেন, তার ব্যাগ থেকে টাকা চুরি করা হয়েছে।

তৎক্ষণাৎ ব্যাংকের মূল ফটকে তালা লাগিয়ে সন্দেহভাজন ৩ নারীকে আটক করা হয়। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ফাতেমা বেগম (৩৪) বলেন, “আমি ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য টাকা জমার রশিদ লিখছিলাম। এমন সময় কৌশলে তারা আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নেয়।”

 

পুলিশের বক্তব্য :
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, তিন নারীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।