প্রত্যাশা ডেস্ক রিপোর্ট:
ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সাবেক শেখ হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার প্রশাসনিক ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সদরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত হন। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন। সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
আনন্দ র্যালি শুরু হওয়ার আগে প্রধান বক্তা শহীদুল ইসলাম বাবুল বলেন, “গত বছর আজকের এই দিনে সাবেক স্বৈরাশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছিল। যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টের পতন হয়েছিল, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলার জনগণ মুক্তি পেয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এখন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকারকে আহ্বান করবো, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক।”
তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র, টালবাহানা বিএনপির নেতাকর্মীরা মেনে নেবে না। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে দেশ গঠন করা হবে।”
আনন্দ মিছিল ও র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকলেকুর রহমান খান, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মোল্লা সোহেলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।