মো. ইকবাল হোসেন:

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূর করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।

 

সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে আলফাডাঙ্গা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এতে অংশ নেন উপজেলার …টি স্কুলের কয়েক শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী।

 

মানববন্ধন কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা বরাবর প্রদানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ, বেগম সালেহা একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অভিভাবক সদস্য পলি বেগম এবং শিক্ষার্থীদের মধ্যে বেগম সালেহা একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থী আমেনা খাতুন বক্তব্য প্রদান করেন।

 

এ সময় বক্তারা বলেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে — এটা একটি সুস্পষ্ট বৈষম্য। এতে দেশের মেধা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। যে জাতির মেরুদণ্ড শিক্ষা, সে জাতির একটি বড় অংশকে স্তব্ধ করার পাঁয়তারা চলছে। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন মানে মেধাবী শিশুদের শিক্ষাকে হুমকির মুখে ফেলা। অবিলম্বে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তা না হলে রাজপথে আমরা আন্দোলনে নামবো।”

 

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।