ইসমাইল হোসেন বাবুঃ

 

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে এ হত্যার ঘটনা ঘটে। নিহত যুবক মথুরাপুর দর্গাতলা এলাকার খিলাফত আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইনে ভিজিএফ’র (দুস্থ ভাতা) কার্ডের আবেদন করা ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশের (২৮) সাথে আকরামের ছেলে বিজয় ও তার বন্ধু আজিজের বিরোধ সৃষ্টি হয়।

 

এরই সূত্র ধরে দুই বন্ধু বিজয় ও আজিজ মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে অবস্থানকালে প্রতিপক্ষ পলাশ সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় পলাশ ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করলে পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায় এবং সে গুরুতর আহত হয়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

হত্যার ঘটনার বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, অনলাইনে ভাতার কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

নিহতের মরদেহ বৃহস্পতিবার সকালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।