তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে বাজেট বরাদ্দ ও বেসরকারি সংগঠনের সম্পৃক্তকরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর ১২টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও নলছিটি মডেল সোসাইটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম।

সভায় বক্তারা স্থানীয় সরকারের বাৎসরিক বাজেটে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে অর্থ বরাদ্দ রাখা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সভা-সেমিনারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ধূমপান থেকে মাদকাসক্তি বাড়ছে, যা প্রতিরোধে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা জরুরি।

সভায় সরকারি কর্মকর্তাসহ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন। বক্তারা এ কার্যক্রমে বেসরকারি সংগঠনসমূহকে সম্পৃক্ত করার আহ্বান জানান।