হানিফ উদ্দিন সাকিবঃ

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে রড, সিমেন্ট ও টিনসহ প্রায় ছয় কোটি টাকার মালামাল নিয়ে একটি পণ্যবাহী ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ৬ মাঝি-মাল্লা অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।

 

সোমবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম থেকে হাতিয়ার তমরুদ্দি ঘাটের উদ্দেশ্যে যাত্রাকালে সন্দীপ ও ভাসানচরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, এমভি শরিফ-১ নামের ট্রলারটি চট্টগ্রাম থেকে টিন, রড, সিমেন্ট ও মুদি মালামাল বোঝাই করে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারের মালিক আমির হোসেন মাঝি নিজেই সেটি চালাচ্ছিলেন। পথিমধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটির তলা ফেটে যায় এবং একপর্যায়ে তা নদীতে ডুবে যায়।

 

তবে ট্রলারে থাকা ৬ মাঝি-মাল্লা পাশ্ববর্তী একটি জাহাজে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান।

 

ট্রলারের মালিক আমির হোসেন বলেন,

“চট্টগ্রাম থেকে ট্রলারটি নিয়ে সকালেই রওনা দিই। সন্দীপ হয়ে ভাসানচরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ প্রচণ্ড বাতাস ও ঢেউ শুরু হয়। কিছু বোঝার আগেই প্রায় ছয় কোটি টাকার পণ্যসহ ট্রলারটি ডুবে যায়।”

 

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন,

“ঘটনার খবর পেয়েছি। আজকে আবহাওয়া খুব খারাপ ছিল। নদী ও সাগরে প্রচণ্ড বাতাস ছিল। তবে কেউ হতাহত হয়নি বলে জেনেছি।”