ইসমাইল হোসেন বাবুঃ

 

কুষ্টিয়ার সৈয়দ মাসুদ রুমি ডিগ্রী কলেজের কর্মচারী আলাউদ্দিনকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১২টায় কলেজের উদ্যোগে কুষ্টিয়া বড়বাজার রেলগেট এলাকায় এ মানববন্ধনে অংশ নেন কলেজের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী।

 

বক্তারা জানান, শহরের ঘোড়াঘাট এলাকায় অবস্থিত সৈয়দ মাসুদ রুমি ডিগ্রী কলেজের জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রাক স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আসছে স্থানীয় ট্রাক শ্রমিকরা। সম্প্রতি তারা সেখানে একটি ঘর নির্মাণ করে দিনরাত মাদকসেবনে লিপ্ত হন।

 

গত বুধবার (১১ জুন) সকালে কলেজের পক্ষ থেকে মাদকসেবনের বিষয়ে নিষেধ করলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের ওপর চড়াও হন। একপর্যায়ে কলেজের কর্মচারী আলাউদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে দেন শ্রমিকরা।

 

এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন চলাকালে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে আশ্বস্ত করলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন মো. সেলিম। এ সময় বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাতীয় নাগরিক ঐক্যের জেলা প্রধান সমন্বয়ক মাহমুদ হাসান বাপ্পি, প্রমুখ।