রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় এক জেলে নিখোঁজ হয়েছেন। রবিবার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর মহাদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলে মোঃ জহুরুল ইসলাম (৪০) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হুজরত সরদারের ছেলে।
–
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জহুরুলের বড় ভাই মরজেম সরদার বলেন, সকাল ১০টার দিকে লক্ষীপুর গ্রামের রিন্টু খামারুর একটি নৌকা ও জাল নিয়ে তারা ১৪ জন জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। বিকেলে মুঠোফোনে তার এক আত্নীয়র মৃত্যুর সংবাদ পেয়ে মাছ ধরা সেই নৌকা নিয়ে বাড়ি ফিরে আসার সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও তীব্র স্রোতের কবলে পরে তাদের নৌকা ডুবে যায়।
–
এ সময় নদীতে থাকা অন্য জেলেরা তাদের ১৩ জনকে উদ্ধারে করলেও নিখোঁজ হন জহুরুল। পরে স্থানীয়রা কয়েকটি নৌকা নিয়ে জহুরুলের খোঁজ করতে নামেন নদীতে। দীর্ঘ একঘন্টা পর প্রায় এক কিলোমিটার দূরে জালের রশি দেখতে পেয়ে নৌকা ও মাছ ধরা জাল উদ্ধার করলেও জহুরুলকে উদ্ধার করতে পারেনি তারা।
–
লালপুর ফায়ার স্টেশন কর্মকর্তা একেএম লতিফুল বারী জানান সোমবার ভোর ৫টা থেকে লালপুর ফায়ার সার্ভিস ও রাজশাহীর একটি ডুবুরি ইউনিট নিখোঁজ জেলে জহুরুলকে উদ্ধারে কাজ করছে।