রিপন সরকারঃ

 

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নাঈম মিয়া নামে ৫ বছরের এক শিশুকে ইট দিয়ে থেঁতলে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শুক্রবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে ভিংরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত নাঈম ভিংরাবো এলাকার মৃত মামুন মিয়ার ছেলে। এ ঘটনায় শিশুটির মা সুমা আক্তার বাদী হয়ে গতকাল ২৭ মে মঙ্গলবার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।‎

 

নাঈমের মা সুমা আক্তার জানান, ভিংরাবো এলাকার শিমু আক্তারের সঙ্গে তার পরিবারের বেশকিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত শুক্রবার দুপুরে শিশু নাঈম, শিমু আক্তারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ শিমু আক্তার ও তার ছেলে কামরুল ইসলাম তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে গুরুতর রক্তাক্ত জখম করে।

 

এ সময় নাঈমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে ফেলে চলে যায়। খবর পেয়ে সুমা আক্তার স্থানীয়দের সহযোগীতায় নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে চিকিৎসা করান।

 

‎এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, শিশু আহতের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জরিত আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।