ফরিদপুরে ট্রেনের ধাক্কায় আনিসুর রহমান (৫৬) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া দশটার দিকে শহরের আলীপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শহরের গুহলক্ষীপুর মহল্লার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে।
.
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আলীপুর রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা রেললাইনের পাশে ছিটকে পড়ে। এ সময় অটোরিকশার যাত্রী খন্দকার আনিসুর রহমান মারাত্মকভাবে আহত হন।
.
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর বারটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
.
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “এটি রাজবাড়ী রেলওয়ে পুলিশের আওতাধীন বিষয়। বিষয়টি তাদের জানানো হয়েছে। তারা এসে মরদেহ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।”