মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ
ক্রিকেট খেলায় যে মানুষটা ব্যাটিং করতে পারেন তাকে ব্যাটসম্যান, যিনি বোলিং করতে পারেন তাকে বোলার। আবার যে ব্যক্তি ব্যাটিং এবং বোলিং দুটোতেই ঠিকঠাক নৈপুণ্য দেখাতে পারেন তাকে বলা হয় সব্যসাচী। তেমনি সাহিত্যেরও অনেক শাখা রয়েছে যেমন, কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ, উপন্যাস, নাটক, গান প্রভৃতি। সকল সাহিত্যিক, শিল্পী কয়েকটি ক্ষেত্রে কাজ করলেও একটি নির্দিষ্ট জায়গায় তার প্রতিভা, যোগ্যতার স্বাক্ষর মেলে। আবার ব্যতিক্রম কিছুর উদাহরণও থাকে। কিছু কবি, লেখক সাহিত্যের সকল শাখাতেই দাপটের সাথে পদচারণা করে থাকেন। এসব কবি লেখকদেরই সব্যসাচী লেখক বলা হয়ে থাকে। আমাদেরও ঠিক তেমনই একজন আছেন সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীন।
ড. শাহনাজ পারভীন একাধারে একজন কবি, গবেষক, সম্পাদক, কলামিস্ট, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গীতিকার, ছড়াকার, বাচিক শিল্পী সংগঠক এবং আলোচক। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় রয়েছে তার বলিষ্ঠ বিচরণ। কিছু না বলেও যিনি বুনে চলেছেন হাজার কথামালা। অর্থাৎ যিনি নিঃশব্দে কবিতা রচনা করে চলেছেন। তাইতো তিনি বাংলা সাহিত্যে 'নৈঃশব্দ্যের কবি' উপাধি লাভ করেছেন ড. শাহনাজ পারভীন। তিনি ফরিদপুরের কামারখালী সরকারি গার্লস স্কুল থেকে ১৯৮৩ সালে মাধ্যমিক ও কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আবদুর রউফ ডিগ্রি কলেজ ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
এরপর যশোর সরকারি সিটি কলেজ থেকে স্নাতক ও ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে রাজশাহী বিশ্বাবিদ্যালয় থেকে বিএড, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ২০১২ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন। বৈবাহিক সূত্রে এ মানুষটি বর্তমানে যশোরের স্থায়ী বাসিন্দা। কর্মজীবনে প্রথম তিনি নওয়াপাড়া মহিলা কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তারপর উপশহর ডিগ্রি কলেজ হয়ে উপশহর মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোর এ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
নব্বই দশকের শক্তিমান কবি ড. শাহনাজ পারভীনের প্রোমিসড প্রফেট (মহাকাব্য), নীলনদের আখ্যান (গবেষণা উপন্যাস), এমফিল, পিএইচডি থিসিসসহ গল্প, কবিতা, উপন্যাস, গবেষণা শিশুতোষ সব মিলিয়ে ত্রিশটি গ্রন্থের রচয়িতা।
তিনি দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ, যশোর এর উপদেষ্টা এবং বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর আজীবন সদস্য। তিনি দ্যোতনা, নান্দনিক ধারার সাহিত্য কাগজ, যশোর ; ছড়াঘর, ছড়া পত্রিকা, যশোর সম্পাদনা করছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ' (২৫ নভেম্বর- ১০ ডিসেম্বর) ২০২২ ও নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪২তম জন্মবার্ষিকী ও ৯০ তম প্রয়াণ দিবস 'বেগম রোকেয়া দিবস'- ২০২২ উদযাপন উপলক্ষ্যে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় "শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ সাফল্য অর্জনকারী নারী" হিসেবে যশোরের "শ্রেষ্ঠ জয়িতা" সম্মাননায় ভূষিত হয়েছেন।
আজ এই গুণী এই মানুষটির জন্মদিন। ১৯৬৮ সালের ৭ মে ফরিদপুর জেলার কামারখালীতে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিনে একপ্রাণ শুভেচ্ছা এবং ভালোবাসা। ভালো থাকুন প্রিয়জন, কবিতায় থাকুন, প্রেমময় থাকুন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫