ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
দীর্ঘদিন পর ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার কমিটি। শনিবার (২ মে) রাতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।
ঘোষিত এ কমিটিতে মো. রাকিন রাইহান রবীনকে আহ্বায়ক, মো. ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. খালিদ বিন ওয়ালিদ আবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে রবীন এর আগে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সদস্য সচিব লিমন ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এবং খালিদ বিন ওয়ালিদ (আবির) ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক।
ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর ছাত্রদলের রাজশাহী মহানগর ও কয়েকটি থানা কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এরপর নিজেদের মতো কার্যক্রম পরিচালনা করতে থাকেন ছাত্রদল নেতারা।
ছাত্রদলের কমিটি অনুমোদনের পর এক প্রতিক্রিয়ায় রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, আমরা তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর। রাজশাহী মহানগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও ওয়ার্ডের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের সমস্যা, অধিকার ও তাদের যৌক্তিক দাবিগুলোকে প্রাধান্য দিয়ে ছাত্রদল সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।”
রাজশাহী মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির)-এর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিক ফিরোজ আলম বিভিন্ন প্রশ্ন করেন।
প্রশ্নের জবাবে খালিদ বিন ওয়ালিদ (আবির) জানান, ২০১২ সালে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে রাজশাহী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আহ্বায়ক, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য হিসেবেও তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রদলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম করে এসেছি। যারা রাজপথে সক্রিয়ভাবে লড়াই করেছেন, তারা আমাদের সহযোদ্ধা। দলের কঠিন সময়ে যারা নেতৃত্ব দিয়েছে, সেই ত্যাগী ও সংগ্রামীদের সামনের সারিতে নিয়ে আসার চেষ্টা করব।”
সংগঠনের কেউ মাদক বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে করণীয় সম্পর্কে তিনি বলেন, “অভিযোগের সত্যতা যাচাই করা হবে। প্রমাণিত হলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে— সতর্কবার্তা থেকে সাময়িক বা স্থায়ী বহিষ্কার পর্যন্ত। পাশাপাশি সংশোধনের সুযোগও রাখা হবে, কাউন্সেলিং ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।”
মানবকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, “হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা সহায়তা, বই-খাতা বিতরণ এবং আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শীতবস্ত্র, খাদ্য ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া যুবসমাজকে স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (যেমন কম্পিউটার ও কারিগরি শিক্ষা) এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দিকনির্দেশনা দেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫